গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় নারী নিহত, আহত ৩

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৯:১০

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কর্ভাভ্যানের চাপায় ব্যাটারি চালিত অটোরিক্সার এক সহ ৩ জন নিহত  হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ঝর্ণা বেগম উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী নয়াপাড়া গ্রামের আব্বাস আলীর স্ত্রী। আহতরা হলেন একই গ্রামের মৃত মাসিম খন্দকারের ছেলে আব্দুল খালেক (৪৫), গেল্লা মিয়ার ছেলে দুলু মিয়া (৫০) ও জাহিদ মিয়া। 

দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন। তিনি বলেন, একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জ শহরের দিকে আসার সময় সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় অটোরিকশা হঠাৎ ভেঙে পড়ে। এতে যাত্রীরা সবাই সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় অজ্ঞাতনামা একটি কাভার্ডভ্যান তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই ঝর্ণা বেগম নিহত ও কয়েকজন আহত হন।

তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় তিন যাত্রীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি মোজাফ্ফর হোসেন।

ইত্তেফাক/এএইচপি