দাঁড়িয়ে থাকা মিক্সার মেশিনে ধাক্কা, প্রাণ হারালেন দুই বাইক আরোহী

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৩:৪২

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ঢালাই মিক্সার মেশিনে ধাক্কা খেয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগবাটি ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে কলেজছাত্র আব্দুল হাকিম (২২) ও হরিণা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মুদি ব্যবসায়ী সৌরভ আলী (৩৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি হুমায়ুন কবির বলেন, পিপুলবাড়িয়া বাজারের পাশে রাস্তার কাজে ব্যবহৃত একটি মিক্সার মেশিন দাঁড়ানো ছিল। মোটরসাইকেল আরোহী দুইজন রতনকান্দি থেকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মিক্সার মেশিনটিতে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি মিক্সার মেশিনের ভিতরে ঢুকে পড়ে ঘটনাস্থলেই এক আরোহী নিহত হয়। অপর এক আরোহীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি