চোরাই পথে ঢাকায় আনা শতাধিক মোবাইলসহ আটক ১

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৭:৩৫

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় একটি গাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও হেডফোন উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাড়িচালক সাফি আলমকে(৩৪) আটক করা হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৩টার দিকে অভিযান চালানো হয়। অভিযানের বিষয় বিস্তারিত তুলে ধরেন ডিএমপির ওয়ারী বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন।

চোরাই পথে ঢাকায় আনা শতাধিক মোবাইল

মো. ছালেহ উদ্দিন বলেন, যাত্রাবাড়ী থানার দুটি মোবাইল টিম কাজ করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা থেকে আসা একটি প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করা হয়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে শতাধিক বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ও দেড় শতাধিক হেডফোন উদ্ধার করা হয়েছে। এসময় গাড়িচালককে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে।

আটক সাফি আলম

ডিসি বলেন, জব্দ করা গাড়ি থেকে উদ্ধার হওয়া মোবাইল ঢাকা কোনো একটি মার্কেটে যাওয়ার তথ্য পাওয়া গেছে। মার্কেটের তথ্য পেলে অভিযান চালানো হবে। এ চক্রে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আটক (গাড়িচালক সাফি আলম) আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

ইত্তেফাক/এনএ