নদীতে মিলল নিখোঁজ আইনজীবীর লাশ

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১৬:৪৬

টাঙ্গাইলের প্রবীণ আইনজীবী ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মিয়া মো. হাসান আলী রেজার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার পাঁচদিন পর শনিবার দুপুরে টাঙ্গাইল পৌরসভার ৩নং ওয়ার্ডের আকুর টাকুর পাড়া এলাকার লৌহজং নদী থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। 

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ সায়েদুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা লৌহজং নদীতে লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। দুপুর ১২টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। খবর পেয়ে নিখোঁজ আইনজীবী হাসান আলী রেজার ছেলে রাশেদুল হাসান এসে ওই লাশটি তার বাবার বলে শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

আরও পড়ুন: সংরক্ষণ করা গেলে পেয়ারা থেকে কোটি টাকা আয় সম্ভব

উল্লেখ্য,  প্রবীণ আইনজীবী মিয়া মো. হাসান আলী রেজা (৭৬) কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির একজন অন্যতম সদস্য ছিলেন। তিনি গত ৮ জুলাই সন্ধ্যার পর টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়াস্থ নিজ বাসা থেকে চা খেতে বাইরে বের হয়ে নিখোঁজ হন। ওই এলাকার একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, হেলমেট ও রেইনকোর্ট পরা এক যুবকের মোটরসাইকেলের পেছনে চড়ে যাচ্ছেন তিনি। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করে।

ইত্তেফাক/অনি