‘লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড’ প্রতিযোগিতা শুরু হবে ৭ ডিসেম্বর

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১২:১৯

মাতৃভাষা চর্চা ও প্রসারের লক্ষ্য নিয়ে দেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে ‘লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড’। আগামী ৭ ডিসেম্বর এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের (আমাই) জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল কাদের।

বিজ্ঞপ্তিতে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ইতোমধ্যেই বেশকিছু কর্মসূচি হাতে নিয়েছে। প্রথমবার আয়োজিত ‘লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড’ সারাদেশে ব্যাপক সাড়া জাগিয়েছিল। এরই ধারাবাহিকতায় এই বছর আয়োজিত লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডও উৎসবমূখর হবে বলে আশা করি।

তিনি আরও বলেন, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে এই লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের মাধ্যমে অংশগ্রহণকারীরা মাতৃভাষাচর্চা ও অনুশীলনে আরও সচেতন হবে বলে আমার বিশ্বাস। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাসহ অন্যান্য মাতৃভাষা চর্চার প্রতি নতুন প্রজন্মকে আকৃষ্ট করা হবে। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের বিপন্ন ভাষা পুনরুদ্ধার, বিকাশ ও নথিবদ্ধকরণের কাজে এ প্রতিষ্ঠান নিয়োজিত আছে। আধুনিক, যুগোপযোগী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাতৃভাষা চর্চার গুরুত্ব অনস্বীকার্য বলে মনে করি।

প্রতিষ্টানটির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বলেন ‘লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের’ আয়োজনকে সফল করার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তরিকতার ঘাটতি নেই। 

ইনস্টিটিউটের উপপরিচালক মো. আবদুল কাদের বলেন, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ এর অনুষ্ঠানমালার অংশ হিসেবে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের ৫টি বিভাগের ৭টি অঞ্চলের ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ফাইনাল রাউন্ডে ২ ক্যাটেগরিতে ৩ জন করে মোট ৬ জন প্রধান উপদেষ্টার কাছ থেকে একুশের অনুষ্ঠানমালায় পুরস্কার গ্রহণ করবেন এবং এই ৬ জন আগামী বছরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের জন্য বিবেচিত হবেন।

ইত্তেফাক/কেএইচ