‘টিকাবিরোধী’ কেনেডিকেই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিলেন ট্রাম্প 

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১২:১৯

টিকাবিরোধী ও চিকিৎসাশাস্ত্রে ষড়যন্ত্রের তাত্ত্বিক হিসেবে পরিচিত রবার্ট এফ কেনেডি জুনিয়রকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মার্কিন স্বাস্থ্য ও মানবিক সেবা (এইচএইচএস) দপ্তরের মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন  নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নির্দল হিসেবে দাঁড়াতে চেয়েছিলেন আরএফকে জুনিয়র। কিন্তু গত আগস্টে তিনি সরে দাঁড়ান এবং ট্রাম্পকে সমর্থন করেন। তখনই ঠিক হয়েছিল, ট্রাম্প প্রেসিডেন্ট হলে তার প্রশাসনে থাকবেন আরএফকে জুনিয়র।

আরএফকে জুনিয়রকে এইচএইচএস দপ্তরের মন্ত্রী করার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, অনেকদিন ধরে আমেরিকাকে ধ্বংস করছে ওষুধের কোম্পানি ও ইন্ডাস্ট্রিয়াল ফুড কমপ্লেক্সগুলি। তারা জনস্বাস্থ্য নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। কেনেডি আবার আমেরিকাকে মহান ও স্বাস্থ্যবান করবেন।

আরএফকে জুনিয়র সম্পর্কে যা জানা গেছে 

আমেরিকার বিখ্যাত কেনেডি পরিবারের সদস্য রবার্ট এফ কেনেডি জুনিয়র। পরিবশ-আইনজীবী হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি বেশ কিছু বড় সংস্থার বিরুদ্ধে সফল আইনি লড়াই করেছেন।

গত দুই দশক ধরে তিনি বেশ কিছু ভ্যাকসিনের বিরোধিতা করে এসেছেন। এর মধ্যে কোভিড-১৯ এর ভ্যাকসিন আছে, যে ভ্যাকসিনকে তিনি ভয়ংকর বলে মনে করেন। 

আরএফকে জুনিয়র অবশ্য দাবি করেন, তিনি ভ্যাকসিন বিরোধী নন। তিনি কখনো মানুষকে ভ্যাকসিন নিতে মানা করেন না। কিন্তু ভ্যাকসিন নিয়ে নিজের বিরোধিতার কথা জানান। তিনি এটাও বলেছেন, কোনো ভ্যাকসিনই সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর নয়। বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে জাতীয় নীতিনির্দেশিকা না মানার কথাও তিনি বলেছেন। 

বিশ্ব স্বাস্থ্যসংস্থা অবশ্য দাবি করে, ভ্যাকসিনের জন্য প্রতিবছর ৫০ লাখ মৃত্যু ঠোকানো যায়।

ইত্তেফাক/এসআর