ঢাকার ধামরাইয়ে ট্রাক চাপায় হেলপারসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। শনিবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও ড্রাইভারকে আটক করা যায়নি।
সাভার হাইওয়ে থানার ওসি শওকাতুল আলম দুজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।
নিহত কাঞ্চন (২৬) ও মো. আশরাফুল ইসলাম (২৫) এর বাড়ি যথাক্রমে জামালপুর ও নেত্রকোনা বলে জানা যায়। তারা দুইজনই ট্রাকে কাজ করতেন বলে জানাগেছে।
হাইওয়ে পুলিশ জানায়, ধামরাই এর কালামপুর এলাকা থেকে ঈদ বুঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাওয়ার সময় ঢুলিভিটা এলাকায় পৌঁছালে ট্রাকটিতে ত্রুটি দেখা দিলে ট্রাকের ড্রাইভার ও হেলপার ট্রাকটি সাইড করে মেরামতের কাজ করছিলেন। এই সময় মানিকগঞ্জ থেকে ঢাকাগামী একটি বড় ট্রাক, থামিয়ে রাখা নষ্ট ট্রাকের পিছন থেকে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুইজন নিহত হন। এতে ট্রাকের পাশে থাকা প্রায় আরও ৫ ব্যক্তি আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনা স্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

