বিয়ের ক্ষীর খাওয়া নিয়ে শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৬:৪২

ঝিনাইদহের শৈলকুপায় বিয়ের ক্ষীর খাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

রোববার (১৭ নভেম্বর) সকালে উপজেলার শাহাবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় বাসিন্দা আরিফ বিশ্বাস জানান, আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের বদরুল ইসলাম ও নাজমুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। স্থানীয় জামিরুল নামের একজনের বিয়েতে ক্ষীর খাওয়া নিয়ে মতবিরোধ দেখা দেয়। এতে উভয়পক্ষের লোকজন ঢাল, সরকি, রামদা, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

ছবি: ইত্তেফাক

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।  

শৈলকুপা থানার পুলিশ পরিদর্শক রিয়াজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

ইত্তেফাক/এসএএস