গাজীপুর মহানগরের সারাবো এলাকায় বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা।
রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে শ্রমিকরা সারাবোর চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ শুরু করেন বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানার ওসি সাইফুল ইসলাম।
শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় ৪১ হাজার কর্মী রয়েছেন। এর মধ্যে আরএমজি কারখানার শ্রমিকরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে গত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন।
শিল্প পুলিশ আরও জানায়, শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রাখেন তারা। রাতে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও দ্বিতীয় দিনের মতো রোববার সকাল ৯টা থেকে পুনরায় ওই সড়ক অবরোধ করে এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন।
শিল্প পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
আন্দোলনকারী শ্রমিকরা বলেন, ‘আমাদের প্রতি মাসেই আন্দোলন করে বেতন নিতে হচ্ছে। গত কয়েক মাস এভাবেই নিতে হচ্ছে। সময়মতো বেতন করে দিলে আমরা আন্দোলনে যাবো না। বেতন না নিয়ে আমরা সড়ক ছাড়বো না। সড়ক বন্ধ না করলে কর্তৃপক্ষ ও সরকার আমাদের কথা বোঝার চেষ্টা করে না।’
এদিকে সড়ক অবরোধ করায় ওই রুট ব্যবহারকারী যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েছেন। সড়কের উভয় পাশে তৈরি হয়েছে যানজট। উত্তরবঙ্গের যানবাহন বিকল্প গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করছে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, বেক্সিমকো কারখানার শ্রমিকরা তাদের অক্টোবর মাসের বেতনের দাবিতে শনিবার রাত সাড়ে ৭টা পর্যন্ত অবরোধ করেন। রোববার সকাল ৯টা থেকে ফের তারা একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা কথা বলছেন।
