এবার হৃদয় নয়, হীরা চোর তামান্না ভাটিয়া

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ২১:৩৫

বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া আবার তার ভক্ত-অনুরাগীদের জন্য একটি নতুন উপহার নিয়ে এসেছেন। প্রেমের গল্প ও আইটেম গানের পর এবার তাকে দেখা যাবে একটি ক্রাইম ও থ্রিলার ছবিতে। ছবির কাহিনীতে ৬০ কোটি রুপির এক হীরা চুরি নিয়ে ঘটে যত বিপত্তি। চোরকে ধরতে উঠেপড়ে লাগে পুলিশ। পুরো ছবি জুড়ে রয়েছে এই চোর–পুলিশ খেলা। নীরজ পান্ডের ‘সিকান্দার কা মুকাদ্দার’ ছবিতে এক বহুমূল্য হীরা চুরি নিয়ে রহস্যের জাল বোনা হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১২ নভেম্বর) মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে মুক্তি পেয়েছে নেটফ্লিক্সের ছবিটির ট্রেলার। এই ছবির মূল চরিত্রে আছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া, জিমি শেরগিল, অবিনাশ তিওয়ারি, রাজীব মেহতা। সাম্প্রতিক সময়ে গ্ল্যামারাস চরিত্রে দেখা গেলেও নীরজের এই ছবিতে গ্ল্যামারহীন চরিত্রে ধরা দিতে চলেছেন তামান্না। তার অভিনীত চরিত্রের নাম ‘কামিনী সিং’। 

তামান্না ভাটিয়া। ছবি: সংগৃহীত

ট্রেলারে ২০০৮ সালের একটি হীরা চুরির ঘটনাকে দেখানো হয়েছে যা তিনজন সন্দেহভাজনকে ঘিরে। তারা হলেন তামান্না অভিনীত কামিনী সিং, অবিনাশ তিওয়ারি অভিনীত সিকান্দর শর্মা এবং রাজীব মেহতা অভিনীত মঙ্গেশ দেশাই। জিম্মি শেরগিল একজন তদন্তকারী অফিসার জসবিন্দর সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন, যিনি রহস্যের উন্মোচন করবেন। তিন সন্দেহভাজনকে যে অপরাধের জন্য অভিযুক্ত করা হচ্ছে তার জন্য তারা আসলেই দোষী কিনা সেই রহস্য নিয়েই ট্রেলারটি শেষ হয়।

তামান্না ভাটিয়া। ছবি: সংগৃহীত  

এ প্রসঙ্গে তামান্না বলেন, ‘আমি সব সময় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে এসেছি। তবে আমি দক্ষিণি ছবিতে বেশি কাজ করেছি। হিন্দি ছবিতে সুযোগ পাইনি। নীরজ স্যার যখন আমাকে ফোন করে এই ছবির প্রস্তাব দিয়েছিলেন, সত্যি অবাক হয়েছিলাম।’ মজা করে তিনি আরও বলেন, ‘পর্দায় আমার বিরুদ্ধে সাধারণত হৃদয় চুরি করার অভিযোগ থাকে, এখানে হীরা চুরির অভিযোগ উঠেছে। মন বলেছিল যে এই ছবি আমাকে করতেই হবে।’

তামান্না ভাটিয়া। ছবি: সংগৃহীত

এ ছবিতে জুটি বেঁধে আসছেন অবিনাশ তিওয়ারি ও তামান্না ভাটিয়া। সহশিল্পী অবিনাশের প্রসঙ্গে প্রশংসা ঝরে পড়ে তামান্নার কণ্ঠে। অভিনেত্রী বলেন, ‘অবিনাশ অভিনেতা হিসেবে অত্যন্ত পরিশ্রমী। আর অবিনাশের সঙ্গে কাজ করার সময় বুঝেছিলাম যে ও অত্যন্ত স্বতঃস্ফূর্ত। অনেক সময় আমি বুঝতেই পারিনি যে ও কোন সংলাপ বলছে। অবিনাশ খুব সুন্দরভাবে দৃশ্যগুলো তুলে ধরেছে।’

তামান্না ভাটিয়া। ছবি: সংগৃহীত

‘সিকান্দার কা মুকাদ্দার’ ছবিতে জিমি শেরগিলকে এক পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। জিমির প্রসঙ্গে তামান্না বলেন, ‘জিমির ব্যক্তিত্ব আকর্ষণীয়। আমার সঙ্গে ওনার খুব বেশি দৃশ্য নেই। কিন্তু ওনাকে সামনে থেকে কাজ করতে দেখা ছিল এক দারুণ অভিজ্ঞতা। তিনি অনায়াসে চরিত্রের মতো হয়ে উঠতে পারতেন।’

তামান্না ভাটিয়া। ছবি: সংগৃহীত

ছবিতে দীর্ঘ ‘ওয়ান টেক শট’ ব্যবহারের জন্য বিখ্যাত নীরজ। এ প্রসঙ্গ টেনে তামান্না বলেন, ‘আমি নীরজ স্যারের বিভিন্ন ছবিতে তার ট্রেডমার্ক দেখেছি, কিন্তু অভিনেতা হিসেবে এই অভিজ্ঞতা নেওয়ার স্বাদ সত্যি দারুণ।’

রহস্য–রোমাঞ্চে ভরা ছবি ‘সিকান্দার কা মুকাদ্দার’ ২৯ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে।

ইত্তেফাক/এসএ