শেয়ার বাজারে লেনদেন আটকে ৫০০ কোটি টাকার ঘরে

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৫:০০

দেশের শেয়ার বাজারে লেনদেন ৫০০ কোটি টাকার ঘরে আটকে রয়েছে। গতকাল রোববার ঢাকা ও চট্টগ্রাম দুই স্টক এক্সচেঞ্জ মিলে লেনদেন হয়েছে ৫০০ কোটি ১১ লাখ টাকা। গত এক সপ্তাহের লেনদেনচিত্র পর্যালোচনায় দেখা য়ায়, প্রতিদিন গড়ে ৫০০ কোটি টাকার আশপাশেই লেনদেন হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলেছেন, দেশের শেয়ার বাজারে ৩০০-এর বেশি ব্রোকারেজ হাইজ। লেনদেন কমে যাওয়ায় হাউজগুলো তাদের দৈনন্দিন খরচ তুলতেই হিমশিম খাচ্ছে। উল্লেখ্য, ব্রোকারেজ হাউজের মাধ্যমেই বিনিয়োগকারীরা শেয়ার কেনাবেচা করে থাকেন। সংশ্লিষ্টরা বলেছেন, শেয়ার বাজারে আস্থার সংকট বড় সমস্যা। আস্থা না ফিরলে লেনদেনও বাড়বে না।

গতকাল ডিএসইতে অধিকাংশ কোম্পানিরই শেয়ারদর কমেছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে সবকটি মূল্যসূচকে। এদিন এই বাজারে লেনদেনকৃত মোট ৩৮৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ১৮৫টির। আর ৪৮টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৬ পয়েন্ট কমে ৫ হাজার ৩২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ১ হাজার ৯৭৬ পয়েন্টে ও শরিয়াহ সূচক ডিএসইএস ৬ পয়েন্ট কমে ১ হাজার ১৮২ পয়েন্টে অবস্থান করছে। সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৫০৫ কোটি ৯৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৭৬ কোটি ৩৩ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৭০ কোটি ৩৬ লাখ টাকা।

দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল ফারইস্ট নিটিং। কোম্পানিটির ২০ কোটি ৩৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৬ কোটি ৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স। বিমা খাতের কোম্পানিটির ১২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় আরো রয়েছে- বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, আইটিসি, অগ্নি সিস্টেম, লাভেলো আইসক্রিম, গ্রামীণফোন এবং ওরিয়ন ফার্মা।

অন্যবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনকৃত মোট ২১৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১১টির। কমেছে ৭৬টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে এই বাজারের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২০ পয়েন্ট। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৩ লাখ টাকা। আগের কার্যদিবস লেনদেন হয় ৯ কোটি ১০ লাখ টাকা।

ইত্তেফাক/এমএএম