স্প্যানিশ শহর মালাগারে মঙ্গলবার (১৯ নভেম্বর) থেকে শুরু হবে ডেভিস কাপের ১১২তম আসর। এই টুর্নামেন্ট দিয়েই বিদায় নিবেন টেনিসের মহাতারকা রাফায়েল নাদাল। তাকে বিদায় জানাতে ইতোমধ্যে ‘বিশেষ’ পরিকল্পনাও করেছে টুর্নামেন্টটির আয়োজক কর্তৃপক্ষ। এবার তার সতীর্থও কার্লোস আলকারাজও জানালো যে নাদালের বিদায়টা শিরোপার সঙ্গেই দিতে চান তিনি।
সবশেষ প্যারিস অলিম্পিক প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ২২ বারের গ্র্যান্ডস্লাম নাদাল। তারপর চোটে আক্রান্ত হয়ে ছিলেন টেনিস কোর্টের বাহিরে। এবার ডেভিস কাপ দিয়েই শেষবারের মত ফিরবেন র্যাকেট হাতে। তবে কোন ম্যাচে তিনি খেলবেন সেটা এখনো নিশ্চিত নয়। কেননা স্পেনের অধিনায়ক (কোচ) ডেভিড ফেরার এখনো নিশ্চিত করেননি তার কোন খেলোয়াড় কোন ম্যাচে খেলবেন। রাফায়েল নাদালের পাশাপাশি এই দলে আছেন কার্লোস আলকারাজ, গ্রানোলার্স, পাবলো কারেনো বুস্তা ও বাউতিস্তা আগুত। দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনাল রাউন্ডের প্রথমদিনেই ডাচদের বিপক্ষে মাঠে নামবে নাদালের দল।
এদিকে নাদালের বিদায়ী টুর্নামেন্টকে শিরোপা জয়ের মাধ্যমে স্বরণীয় করে রাখতে চান ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন চ্যাম্পিয়ন কালোর্স আলকারাজ। সম্প্রতি তিনি এ প্রসঙ্গে বলেন, ‘আমি আমার জীবনের বিশেষ একটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছি এবার। কেননা এটি রাফার (নাদাল) ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট, আর আমি শেষ মুহূর্তে টেনিস কোর্টে তার পাশে থাকতে পারব। আমি মনে করি রাফার জন্যও এটা বিশেষ আসর হবে। আমি মন থেকে চাই তার বিদায়টা শিরোপার সঙ্গেই হোক। এটা সত্যিকার অর্থেই আবেগময় এবং আমার জন্য বিশেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে।’
৩৮ বছর বয়সী নাদাল স্পেনের প্রতিনিধিত্ব করে ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে একক স্বর্ণ জিতেছিলেন এবং মার্ক লোপেজের সঙ্গে রিও ২০১৬ এ ডাবলসে জিতেছিলেন। কিন্তু ইনজুরির ধাক্কায় ক্যারিয়ারের গোধূলি লগ্নে বিশ্বের সাবেক এক নম্বর নাদালের র্যাংকিং নেমে গেছে ১৫৫-এ। তবে তাতে কি সে তো আগেই বনে গেছেন কিংবদন্তী। নাদাল তার ক্যারিয়ারে বিভিন্ন টুর্নামেন্ট মিলিয়ে ৯২টি শিরোপা জিতেছেন সবশেষ ২০২২ সালে রোলাঁ গারোয় ২২তম মেজর শিরোপা জিতেছিলেন।
