গাজায় বেসামরিকদের জন্য ত্রাণ সরবরাহে বাধাদানের অভিযোগকে কেন্দ্র করে ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের বিষয়ে ভোটের আয়োজন করতে যাচ্ছে মার্কিন সিনেট। আগামী বুধবার (২০ নভেম্বর) এ বিষয়ে ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স এই প্রস্তাব এনেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, “গাজার যুদ্ধ প্রায় পুরোপুরি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ ও সরবরাহকৃত অস্ত্র দিয়ে পরিচালিত হচ্ছে। ইসরায়েল মার্কিন অস্ত্র ব্যবহার করে জনবহুল এলাকায় বোমা ফেলে শত শত বেসামরিককে হত্যা করেছে, যা অনৈতিক ও অবৈধ।”
ইসরায়েলের প্রতি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের শক্ত সমর্থনের কারণে প্রস্তাবগুলো পাস হওয়ার সম্ভাবনা কম। তবে এটি ইসরায়েলি সরকার এবং প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে গাজায় বেসামরিক সুরক্ষা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করতে পারে বলে মনে করছেন অনেকেই।
গাজায় ২৩ লাখ মানুষের অধিকাংশ বাস্তুচ্যুত হয়েছে। খাদ্য সংকটের কারণে পুরো অঞ্চলটি মারাত্মক দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ১৩ মাস ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রায় ৪৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ডেমোক্র্যাট সিনেটর জেফ মার্কলি ও পিটার ওয়েলচের সঙ্গে যৌথভাবে প্রস্তাবটি দাখিল করা হয়েছে। এতে ১২০ মিমি মর্টার রাউন্ড এবং জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশন (জেডিএএম) বিক্রি বন্ধের আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে, ডেমোক্র্যাট সেনেটর ব্রায়ান শাটজ আরেকটি প্রস্তাব এনেছেন, যেখানে ট্যাংকের গোলাবারুদ বিক্রি বন্ধের কথা বলা হয়েছে।
জেডিএএম, যা বোয়িং কোম্পানি তৈরি করেছে, সাধারণ বোমাকে নির্ভুলভাবে পরিচালিত বোমায় রূপান্তর করার প্রযুক্তি হিসেবে ব্যবহৃত হয়।
২০২৩ সালের অক্টোবর মাসে হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকে বাইডেন ইসরায়েলের প্রতি জোরালো সমর্থন জানিয়ে আসছেন। তবে গত মাসে বাইডেন প্রশাসন ইসরায়েলকে সতর্ক করে জানায় যে, ৩০ দিনের মধ্যে গাজায় ত্রাণ সরবরাহের উন্নতি না হলে সামরিক সহায়তা সীমিত করা হতে পারে।
সময়সীমা শেষে বাইডেন প্রশাসন জানায়, ইসরায়েল ধীরগতিতে হলেও ত্রাণ সরবরাহে সন্তোষজনক অগ্রগতি দেখিয়েছে।
