নেত্রকোনায় দুর্বৃত্তদের হামলায় দুই সাংবাদিক আহত, আটক ১

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৪:১৪

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মো. মহসিন মিয়া এবং যুগান্তরের প্রতিনিধি মো. শফিকুর ইসলাম তলুকদার। বুধবার (২০ নভেম্বর) রাতে খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। 

ঘটনায় জড়িত অভিযোগে আজিজুল ইসলাম নামের এক যুবকে আটক করা হয়েছে। আটক হওয়া আজিজুল ইসলাম (৩২) উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সিতু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত আটটার দিকে শফিকুল ইসলাম তালুকদারসহ তিনজন সাংবাদিক ও কয়েকজন হাসপাতালের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের সামনে বসে আলাপ করছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে এসে শফিকুল ইসলাম এবং মহসিনের ওপর হামলা চালায়। দুর্বৃত্তদের আঘাতে শফিকুলের মাথা কেটে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। আর মহসিন বুক, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করেন। 

চিকিৎসক আহমেদ মুসা জানান, শফিকুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তার মাথায় আটটি সেলাই দেওয়া হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর মহসিন মিয়াকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এদিকে, ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা প্রতিবাদ করেছেন। 

আহত সাংবাদিকরা জানান, তারা কয়েকজন মিলে চায়ের দোকানের সামনে চেয়ারে বসে কথা বলছিলেন। আকস্মিকভাবে ছয়-সাতজন যুবক এসে হামলা চালায়। কিন্তু কী কারণে, কেন এই হামলা চালানো হয়েছে তা তারা এখনো বুঝতে পারছেন না।

এ ব্যাপারে খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন তালুকদার বলেন, ‘বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতিমধ্যে ঘটনায় জড়িত অভিযোগে আজিজুল ইসলাম নামের এক যুবকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।’

ইত্তেফাক/এএইচপি