মহাখালীতে রেলপথে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়া

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৫:৩৩

ঢাকার মহাখালীতে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। অবরোধের এক পর্যায়ে দুপুরের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও আশপাশের কয়েকটি জায়গায় ভাঙচুর করা হয়।

ঘটনাস্থলে থাকা যাত্রী ও অন্যান্যদের কাছ থেকে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে প্রায় দেড় হাজার থেকে দুই হাজার ব্যাটারিচালিত রিকশাচালক মহাখালী মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সরে যেতে বললেও তারা অনড় থাকে। তারা মহাখালীতে রেললাইনে বসে পড়ায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচলও। এ অবস্থায় দুপুরে মহাখালী রেলক্রসিং এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের ধাওয়া দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এতে রেললাইন ছেড়ে অন্যত্র সরে যান বিক্ষোভকারীরা।

মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন সকালে বলেন, ব্যাটারিচালিত রিকশাচালকেরা রেললাইনের ওপর আড়াআড়ি করে রিকশা রেখে অবরোধ করেছেন। সড়কেও তারা অবরোধ করেছেন। এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এদিকে আগারগাঁওয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ করেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। এতে সেখানকার আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রিকশাচালকেরা সেখান থেকে সরে যান। বছিলাতেও একই দাবিতে রিকশাচালকেরা সড়ক অবরোধ করেছেন। এ ছাড়া মিরপুর, গাবতলীসহ ঢাকার বিভিন্ন জায়গায় রিকশাচালকদের অবস্থানের কথা জানা গেছে।

গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই দিন রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আফসানা করিম নামের এক ছাত্রী নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

ইত্তেফাক/এটিএন