‘দেশি নায়িকাদের সিডিউল পাচ্ছি না’, বললেন শাকিব খান

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৬:৩৯

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান বলেছেন, ‘দরদ’ দিয়ে ফের প্রমাণ হলো ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হওয়ার অপশন আছে। মুক্তির এক সপ্তাহ পর জমকালো আয়োজনে ‘দরদ’ ছবির স্পেশাল স্ক্রিনিং শো-তে এ কথা বলেন শাকিব খান। 

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের ব্র্যান্ড একনল-এর সৌজন্যে ছবিটির এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। যেখানে হাজির হয়ে শাকিব খান দাবি করেন, চলতি বছরের সর্বোচ্চ কালেকশন নাকি ‘দরদ’ থেকে এসেছে! তথ্যটি তিনি যখন দিলেন, তখন ছবিটি দর্শক খরায় ভুগছে, রিভিউ নেতিবাচক, এমনকি ঘটেছে পাইরেসির ঘটনাও।

‘দরদ’ ছবির স্পেশাল স্ক্রিনিং শো-তে কথা বলছেন শাকিব খান। পাশে পূজা চেরী ও প্রার্থনা ফারদিন দীঘি। ছবি: সংগৃহীত  

শাকিব খান ও একঝাঁক তারকার উপস্থিতিতে বিশেষ স্ক্রিনিং শো-টি হয়ে ওঠে উৎসবমুখর। যদিও এটি ছবির স্পেশাল স্ক্রিনিং তথা প্রচারণার অংশ ছিলো নাকি একনল পণ্যের প্রমোশন ছিলো, সেটি নিয়ে প্রশ্ন উঠেছে।

‘দরদ’ ছবির স্পেশাল স্ক্রিনিং শো-তে একঝাঁক তারকার সঙ্গে শাকিব খান। ছবি: সংগৃহীত  

জমজমাট এই ইভেন্টে শাকিব খানের সাথে আরও উপস্থিত ছিলেন একনলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়িকা পূজা চেরী, ছবিটির পরিচালক অনন্য মামুনসহ সিয়াম আহমেদ, সেমন্তি সৌমি, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়া, রুকাইয়া চমকের মতো জনপ্রিয় সব তারকা ও রিমার্ক হারল্যান পরিবারের সদস্যবৃন্দ।

ছবির স্পেশাল স্ক্রিনিং নাকি একনল পণ্যের প্রমোশন ছিলো, সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। ছবি: সংগৃহীত

সিনেমার শো হলেও শাকিব খানের মন্তব্য এবং আয়োজন দেখে বোঝার উপায় ছিল না এটি আসলে ‘দরদ’ শো ছিলো নাকি সিনেমা-মোড়কে একটি পণ্যের প্রচারণা ছিলো! শাকিব খান বলেন, ‘একনল বরাবরই সুরক্ষা ও সুস্থতা নিশ্চিতে সহায়ক। আর সুস্থতা ও সুরক্ষা যদি নিশ্চিত করা যায় তাহলে সবাই মিলে একসাথে কোনোকিছু উপভোগ করা আরও আনন্দদায়ক হয়, আরও নিরাপদ হয়। তাই আজকে আমরা এখানে মিলিত হয়েছি সবাই মিলে একসাথে ‘দরদ’-এর স্পেশাল স্ক্রিনিং উপভোগ করার জন্য। আর এটা খুব সুন্দরভাবে আয়োজন করেছে রিমার্ক হারল্যানের হেলথ অ্যান্ড হাইজিন ব্র্যান্ড একনল। সত্যিকার অর্থেই আমাদের আজকের এই ইভেন্টটি কেটেছে সুস্থতায়, আনন্দে।’

‘দরদ’ ছবির স্পেশাল স্ক্রিনিং শো-তে শাকিব খান। ছবি: সংগৃহীত

‘দরদ’ সিনেমা প্রসঙ্গে এটুকুই শুধু বললেন, ‘এ বছরের হায়েস্ট ওপেনিং কালেকশন ‘দরদ’র। তার মানে বোঝা যায় ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়। ঈদ ছাড়া সিনেমা সবসময়ই সুপারহিট হয়েছে। ইনফ্যাক্ট, আমার ক্যারিয়ারে যত বিগ হিট সিনেমা এসেছে, যেমন ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘কোটি টাকার কাবিন’ এমন যতগুলো বিগ হিট সিনেমা এসেছে সবগুলোই কিন্তু ঈদ ছাড়াই এসেছে। এটা সবসময়ই প্রমাণিত হয়ে এসেছে আজকে ‘দরদ’ দিয়েও প্রমাণ করলো যে ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হওয়ার অপশন বেশি থাকে।’ 

তারকাবেষ্টিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন শাকিব খান। সছবি: সংগৃহীত

বিদেশি নায়িকাদের সাথে বেশি কাজ করা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘আমি নিজেই দেশি নায়িকাদের সিডিউল পাচ্ছি না। যেহেতু বছরে দুই তিনটা ছবি করি, তাই আমার সিডিউলও বেশি লাগে। কিন্তু আমাদের যারা দেশি নায়িকা আছে, তারা অনেক বেশি কাজ করে এজন্য তাদের ব্যস্ত থাকতে হয়। তাদের শিডিউল পেলেই আবার কাজ করা হবে।’

উল্লেখ্য, ‘দরদ’-এ শাকিব খানের নায়িকা সোনাল চৌহান। তার শুটিং চলতি সিনেমা ‘বরবাদ’-এ নায়িকা ইধিকা পাল।

ইত্তেফাক/এসএ