জাপান গার্ডেন সিটিতেবিষ প্রয়োগ করে কুকুর-বিড়াল হত্যা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ২১:৪৯

রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে খাবারে বিষ মিশিয়ে কুকুর ও বিড়াল হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২২ নভেম্বর) রাতে এই ঘটনা প্রকাশ পেলে সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনা শুরু হয়।

জানা গেছে, ইচ্ছাকৃতভাবে বিষ প্রয়োগের মাধ্যমে একাধিক কুকুর এবং একটি বিড়ালকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জাপান গার্ডেন সিটির বাসিন্দারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ছয়টি কুকুর এবং একটি বিড়ালকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। ছবি ও তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নেটিজেন এবং প্রাণিপ্রেমীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, গত পাঁচ বছর ধরেই জাপান গার্ডেন সিটি এলাকায় কুকুর নিধনের বিভিন্ন কার্যক্রম চালানো হয়ে আসছে। তবে প্রাণী অধিকারকর্মী ও স্থানীয়দের প্রতিবাদের মুখে তাদের আগের প্রচেষ্টাগুলো ব্যর্থ হয়। কিন্তু এভাবে বিষ প্রয়োগের মাধ্যমে প্রাণী হত্যা করা হবে, তা কেউ কল্পনাও করেনি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে কুকুর-বিড়াল নিধন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যানার ও ফেস্টুনেরও উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এ ঘটনায় একজন লিখেছেন, ‘আমার এলাকায় মরা কুকুর-বিড়ালের লাশ পাহারা দিচ্ছি পোস্টমর্টেম হওয়ার আগ পর্যন্ত। ইতোমধ্যেই চারটি লাশ গায়েব করে দেওয়া হয়েছে। এখন মাত্র দুটি কুকুর আর একটি বিড়াল রয়েছে।’

তিনি আরও লিখেছেন, ‘যারা এই কাজ করেছে, তারা আমাদের আগে বন্দুক দিয়ে হত্যার হুমকি দিয়েছে। এমনকি আমার ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে, যেন আমি ভিডিও করতে না পারি।’

সাধারণ মানুষ এবং প্রাণী অধিকারকর্মীদের দাবি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের খুঁজে বের করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ইত্তেফাক/এমএএস