বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা 

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ২১:৫৬

চাঁদপুরের হাজীগঞ্জে সরকারি নির্ধারিত মূল্য অমান্য করে অতিরিক্ত দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

রোববার (২৪ নভেম্বর) বিকেলে হাজীগঞ্জ পূর্ব বাজারে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এই জরিমানা আদায় করেন।  

তিনি জানান, বাজার তদারকির সময় মেসার্স জামাল ব্রাদার্সকে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে শাহমিরান ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  

অভিযানের সময় হাজীগঞ্জ থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।  

সহকারী পরিচালক নুর হোসেন বলেন, "ভোক্তার স্বার্থ রক্ষায় এবং বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।"  

এ সময় বাজারের বিভিন্ন দোকান, চাল ও আলুর আড়ৎ, বীজ ও সার বিক্রেতা, এবং ফার্মেসি তদারকি করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। 

ইত্তেফাক/টিএইচ