আন্দোলন ছাড়া দিনটা গেলে মনে হয়, কি যেন নেই: শাওন

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৬:২৯

প্রতিদিনই কোনো না কোনো ইস্যুতে আন্দোলনে রাজপথে নামছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। আজ এই দাবি তো কাল অন্য দাবিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তারা। বলা যায়, বর্তমানে আন্দোলন নগরীতে পরিণত হয়েছে ঢাকা।

সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে ব্যাটারিচালিত রিকাশচালকেরা। ফলে ঢাকা শহরে যানজটের সৃষ্টি হয়েছে।

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। ছবি: সংগৃহীত  

এরই মধ্যে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি) অভিমুখে লাঠি হাতে লংমার্চে করছে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। মুখোমুখি অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। ফলে ঢাকা-সিলেট মহাসড়কেও যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। 

এমন অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকটা ‘রসিকতা’ করেই একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।

মেহের আফরোজ শাওনের ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে শাওন লিখেছেন, ‘আজকে কি কোথাও কর্মসূচি, আন্দোলন, বিক্ষোভ নাই? ফেসবুকে কোনো সাড়াশব্দ পাচ্ছি না!’
 
এরপর এই অভিনেত্রী লেখেন, ট্রাফিক আপডেট ‘ঢাকার চাকা’র মতো আন্দোলন আপডেট-এর একটি অ্যাপ তৈরী করার দাবী জানাচ্ছি।’

মেহের আফরোজ শাওন। ছবি: সংগৃহীত

শাওনের সেই পোস্টে একজন মন্তব্য করেছেন, আজকের দিনের প্রথম ভাগের আপডেট- ১. মাহবুবুর রহমান কলেজে ব্যাপক ভাংচুর ও লুট। ২. আগারগাঁওয়ে অটোরিকশা (বাংলার টেসলা) পাইলটরা দখল নিয়ে বন্ধ করে দিয়েছে ইউনাইটেড স্টেট অব মিরপুর সড়ক। ৩. বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা নবীনগর সড়ক আবারও নিজেদের দখলে নিয়েছে শ্রমিকরা।

সেই মন্তব্যের জবাবে খানিকটা মজা করে শাওন লিখেছেন, যাক বাবা মনটা শান্ত হলো! আন্দোলন ছাড়া দিনটা গেলে মনে হয় ‘কি যেন নাই!’

ইত্তেফাক/এসএ