সিরিজে আধিপত্য চায় আয়ারল্যান্ড 

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৪:২৬

প্রথম বারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড নারী দল। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। এই সিরিজে আধিপত্য বিস্তার করে কেবল জয় নয়, অপরাজিত থেকে সফর শেষ করতে চায় আয়ারল্যান্ড। এ বিষয়ে গতকাল দৈনিক ইত্তেফাকের সঙ্গে কথা বলেছেন দলটির অধিনায়ক গ্যাবি হলিস লুইস। 

বাংলাদেশে কখনো তারা দ্বিপক্ষীয় সিরিজ না খেললেও আত্মবিশ্বাস রয়েছে তুঙ্গে। নতুন কন্ডিশন, নতুন আঙিনা তাদের সামনে, তবু চ্যালেঞ্জ গ্রহণ করেছে গ্যাবি বাহিনী। গতকাল দ্বিতীয় দিনের মতো মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে চলেছে তাদের অনুশীলন। আজও অনুশীলন করবে দুই দল। বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কোনো সমস্যা হচ্ছে কিনা, এমন প্রশ্নে গ্যাবি বলেছেন, 'না, কোনো সমস্যা ছাড়াই আমরা এগিয়ে যেতে পারছি। এখানে যেভাবে রোদ ও ঘাস পেয়েছি, সেটি খুবই ভালো। আয়ারল্যান্ডে আমরা ইনডোরে অনুশীলন করে এসেছি। এখানে বাসে অনুশীলন করতে পেরে খুবই ভালো লাগছে। আবার আমাদের দলের কয়েক জন অস্ট্রেলিয়াতে খেলে এসেছে। সবমিলিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জিং। তবে এখানে রোদ পেয়েছি এবং ঘাসের ওপরে অনুশীলন করতে পেরে ভালোই লাগছে। আমরা উপভোগ করছি।' 

বাংলাদেশে আসার আগে ঘরের মাটিতে ইংল্যান্ড সিরিজ খেলেছেন গ্যাবিরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারলেও টি-টোয়েন্টিতে ১-১ এ সমতা টেনেছিলেন। তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল আয়ারল্যান্ড। সবমিলিয়ে বেশ আত্মবিশ্বাস সঞ্চার হয়েছে সফরকারীদের মধ্যে। বাংলাদেশ সিরিজ নিয়ে তাই প্রত্যাশাও অনেক। গ্যাবি বলেছেন, 'নিশ্চিতভাবে আমরা এই সিরিজে আধিপত্য বিস্তার করে এগিয়ে যেতে চাই। কেবল সিরিজ জয়ে আমরা নজর রাখছি না, আমরা অপরাজিত থেকে এই সিরিজ শেষ করতে চাই। সেটি করতে পারলে নিজেদের সফল মনে করব।' 

শ্রীলঙ্কা ও ইংল্যান্ড সিরিজের প্রসঙ্গও গ্যাবি তুলেছেন। সে বিষয়ে তিনি বলেছেন, 'আয়ারল্যান্ডের মাটিতে খেলে আসা সিরিজ আমাদের অনুপ্রেরণা দেবে। বেশ কয়েকটা সিরিজ ধরে আমাদের দল ভালো করছে। সেগুলোও আত্মবিশ্বাস জোগাবে।' 

অধিনায়ক হিসেবে গ্যাবি কেবল সফলতার ওপরে চোখ রেখেছেন। গেল অক্টোবরে তার কাঁধে নেতৃত্বের দায়িত্ব দিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। গ্যাবি বলেছেন, 'অধিনায়কত্ব করার সুযোগ পেয়ে নিজেকে খুবই ভাগ্যবান মনে হয়েছে। দীর্ঘদিন ধরে লরা ডেলানি অধিনায়কত্ব করে এসেছেন, তার থেকে অনেক কিছু শিখেছি। এই সুযোগ কাজে লাগিয়ে দলকে ভালো কিছু দিতে চাই। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলা হয়নি। বাছাইপর্বে আমরা সেমিফাইনাল পর্যন্ত খেলতে পেরেছিলাম। দল এখন ভালো কিছু করার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি বছরগুলোতে আমরা ভালো করছি। আর এই উপমহাদেশেও ক্রিকেটাররা ভালো করছেন।'

ইত্তেফাক/জেডএইচ