সাবেক পুলিশ কর্মকর্তার মিথ্যা মামলায় অতিষ্ঠ এলাকাবাসী

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৮:৪১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে মামলাসহ বিভিন্নভাবে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ ওঠেছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে এলাকাবাসী এ বিষয়ে সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে এলাকাবাসী জানায়, উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের মৃগালি গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা সাবেক পুলিশ কর্মকর্তা শহিদুল্লাহ দীর্ঘ দিন ধরে প্রতিবেশীদের নামে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে।

সংবাদ সম্মেলনে অভিযোগকারীরা বলেন, এসআই মো. শহিদুল্লাহ ২০১৭ সালে সিআইডি থেকে অবসরে যান। এরপরই এলাকার মানুষের কাছে তিনি এক আতঙ্কের নাম হয়ে উঠেন। এলাকাবাসী ও তার প্রতিবেশীদের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, চুরি, ডাকাতি ও ভূমি সংক্রান্ত ১৪ থেকে ১৫টি মামলা দেন তিনি।

সর্বশেষ এ বছরের ১৮ নভেম্বর আরেকটি লুটপাট ও ভাঙচুরের মামলা দেন এসআই শহিদুল্লাহ। একের পর এক মামলা দিয়ে এলাকাবাসীকে এভাবেই হয়রানি করে আসছেন তিনি। স্থানীয় আওয়ামী লীগের নেতারাসহ আঠারবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ এখনো শহিদুল্লাহকে সহযোগিতা করে যাচ্ছেন।

ওই সময় উপস্থিত আরেক ভুক্তভোগী হোসেন তার শরীরের বিভিন্ন স্থানের ক্ষত চিহ্ন সাংবাদিকদের দেখিয়ে বলেন, ২০১৯ সালে তার উপর শহিদুল্লাহসহ তার চার ছেলে রাসেল, রুবেল, রিফাত হাসান বাবুল ও তানভির হাসান সাগর মিলে দেশীয় অস্ত্রের সাহায্যে মারাত্মকভাবে আহত করে। দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হন। এখনো তাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এতে তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

এ ব্যাপারে অভিযুক্ত শহিদুল্লাহকে বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন। উপরন্তু অভিযোগকারীরা তার সম্পত্তি জোর দখল করে নিয়ে গেছে। সরেজমিনে তদন্তের দাবি জানান।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ভুক্তভোগীদের অভিযোগ পেলে শহিদুল্লাহর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এমএএস