ফরিদপুরের সদরপুরে ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৪২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে সাড়ে চারটার দিকে ভবনের ছাদের চিলেকোঠা ভাঙার কাজ চলাকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩ প্রকল্প) আওতায় বিদ্যালয়ের দোতলা ওই ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করে চারতলা করার কাজ চলছে।
নিহত দেলোয়ার হোসেন বরগুনা জেলার তালতলী উপজেলার বাসিন্দা ছানু হাওলাদারের ছেলে। তিনি বিবাহিত ও দুই ছেলের বাবা ছিলেন।
উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার সদরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবন নির্মাণ কাজের একজন শ্রমিক হিসেবে সে কর্মরত ছিলেন।
তিনি আরও বলেন, বিকালে নির্মনাধীন ভবনের তিন তলার ছাদ ভাঙার কাজে উক্ত শ্রমিক কর্মরত ছিল। কাজ শেষে নিচে নামার সময় ওই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে অন্যান্য শ্রমিক ও স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
