নিমাইকাসারী সিদ্ধিরগঞ্জ এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজউক। এসময় কয়েকটি ভবনের সম্মুখ অংশ ভেঙে অপসারণ করাসহ চার লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৭ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে অভিযান চলাকালীন কয়েকটি ভবনের নকশা বহির্ভূত সেটব্যাক ও ভয়েড দখল করে ইমারতের নির্মাণ কাজ করায় তা উচ্ছেদসহ নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন-৬/২) নিমাইকাসারী সিদ্ধিরগঞ্জ এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণ করা হয়। কয়েকটি ভবনের মালিককে সতর্ক করে দেওয়া হয় যাতে তারা পরবর্তীতে নকশা বহির্ভূত ভবন নির্মাণ না করে। কয়েকটি ভবনের সম্মুখ অংশ ভেঙে অপসারণ করাসহ চার লাখ টাকা জরিমানা করা হয়। নকশা অনুমোদন না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকিবে মর্মে মুচলেকা নেওয়া হয়েছে। রাজউকের নকশা বহির্ভূত বিল্ডিং তুলতে যেনো না পারে তার জন্য রাজউকের এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।
স্থানীয় লোকজন জানান, নকশা বহির্ভূত ভবনে নিয়মিত এই অভিযান পরিচালনা করলে আর এভাবে কেউ নিয়মের বাইরে ভবন নির্মাণ করবে না। রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণ করার সাহস করবে না।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া, সহকারী অথরাইজড অফিসার শাহানাজ খানম, প্রধান ইমারত পরিদর্শক বাসুদেব, ইমারত পরিদর্শক মোঃ মারুফ হোসেন, হায়াত মাহমুদ, মলয় চন্দ্র, মোঃ শাহআলম, মিল্লাত হোসেন এবং রাজউকের অন্যান্য কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করেন।
