জরিপের তথ্য

৫০ শতাংশের বেশি ফরাসি জনগণ সরকারের পতন চায়

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ২০:২৫

প্রস্তাবিত বাজেট নিয়ে ক্ষোভের কারণে ফ্রান্সের প্রায় ৫৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ারের সরকারের পতন চায়। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ফরাসি সুড রেডিওতে প্রকাশিত আইএফওপি-ফিডুসিয়াল পোলে এমন তথ্য দেখা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে ৬৭% বার্নিয়ারের বাজেটের বিরোধিতা করেছে।

গত ২৬ নভেম্বর ও ২৭ নভেম্বর এক হাজার ৬ জনের ওপর চালানো এক জরিপের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

এক ডজন সূত্রের বরাতে রয়টার্স জানায়, ক্রিসমাসের আগেই, সম্ভবত আগামী সপ্তাহের মধ্যেই বার্নিয়ারের সরকারের পতন হতে পারে। যদি অতি ডানপন্থী এবং বামপন্থীর অনাস্থা প্রস্তাব চাপিয়ে দেয়, তার হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গতকাল বুধবার বিএফএম টিভির এক জরিপে অংশ নেওয়া ৬৩ শতাংশ মানুষ বলেছেন, বার্নিয়ার সরকারের পতন হলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁরও পদত্যাগ করা উচিত।

ইত্তেফাক/এসকে