ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে আটক ১

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ২২:০১

ভোলার বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদী থেকে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে সাইফুল ইসলাম নামক যুবককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি ড্রেজার ও ৫ হাজার ঘনফুট বালু ভর্তি বলগেট।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল থেকে রাত ১১টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে তেঁতুলিয়া নদীর গংগাপুর অংশের ইকোপার্ক এলাকার চরে এ অভিযান পরিচালিত হয়।

এ ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান জানান, ড্রেজার মেশিন দ্বার একটি মহল অবৈধভাবে তেঁতুলিয়া নদী থেকে বালু উত্তোলন করছেন, এমন সংবাদে বিকালে তেঁতুলিয়ায় অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে লোকজন পালিয়ে যান। এ সময় সাইফুল ইসলাম নামক যুবককে গ্রেপ্তার, একটি ড্রেজার ও ৫ হাজার ঘনফুট বালু ভর্তি বলগেট জব্দ করা হয়। খালে ভাটা থাকায়, বালুভর্তি বলগেট জোয়ার আসার পর রাত ১১টায় সময় নিয়ে আসতে হয়। জব্দকৃত উপকরণসমূহ মির্জাকালু পুলিশ ফাঁড়ির ইনচার্জ এর জিম্মায় আছে।

অভিযানে অবৈধভাবে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বিচার হলে ও বেশিভাগ অভিযুক্ত পালিয়ে যাওয়ায় ন্যায় বিচারের স্বার্থে এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী আব্দুস শহিদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। অভিযানে সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা ও নৌ পুলিশ।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানউজ্জামান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে অভিযান চলমান থাকবে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছিদ্দিকুর রহমান জানান, ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কোর্টে প্রেরণ করা হবে।

ইত্তেফাক/এমএএস