নুসরাতের মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার। শনিবার রাজধানীর এফডিসিতে 'ডিবেট ফর ডেমোক্রেসি' আয়োজিত নারী নিপীড়ন কমাতে মূল্যবোধের চর্চা নিয়ে এক ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'নুসরাত হত্যা মামলায় ৯২ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাকিদের সাক্ষ্য নেওয়া শেষ হবে। ভয়ভীতি দেখিয়ে মামলা যাতে ভিন্নখাতে প্রবাহিত করতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক আছি।'
তিনি আরও বলেন, 'ওসি মোয়াজ্জেম নুসরাতের যে ভিডিও ধারণ করেছিলেন তা ছিল বিধি বহির্ভূত। বাংলাদেশে আইন আছে, শাস্তিও হচ্ছে, প্রয়োজন অনুযায়ী সরকার বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করছে। দেশে কোন না কোন আদালতে গড়ে প্রতিদিন একজন লোকের ফাঁসির রায় হচ্ছে। তারপরও সকল অপরাধের বিচার দ্রুততম সময়ে করা যাচ্ছে না।'
আরও পড়ুনঃ ধর্ষকের যৌন সক্ষমতা ধ্বংস করে শাস্তি দেবে যে দেশ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি'র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। 'সাহসিক নুসরাত, তুমিই যুক্তি তুমিই প্রতিবাদ' এই স্লোগানে প্রতিযোগিতায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজকে হারিয়ে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক রোবায়াত ফেরদৌস, অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক দৌলত আক্তার মালা, আব্দুল্লাহ তুহিন এবং ড. এস এম মোর্শেদ।
ইত্তেফাক/জেডএইচডি
