ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছে তিন জন। মৃত্যু হওয়া তিন জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৪৮৫ জন। আর চলতি নভেম্বর মাসের ২৯ দিনে মশাবাহিত এই রোগে ১৭০ জনের মৃত্যু হলো, যা চলতি বছর এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ মৃত্যু।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৭৯৪ জন ডেঙ্গু রোগী। গতকাল শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। ঐ সময় আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১৭৬ জন রয়েছে। এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, বরিশাল বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, রাজশাহীতে ৪১ জন এবং রংপুর বিভাগে এক জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
চলতি বছর এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯০ হাজার ৭৯৪ জন। যাদের মধ্যে ৬৩.২০ শতাংশ পুরুষ এবং ৩৬.৮০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত্যু ৪৮৫ জনের মধ্যে ৫১.৫০ শতাংশ নারী এবং ৪৫.৫০ শতাংশ পুরুষ।
