মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের ভুল নীতির কারণে মানুষের জীবন-জীবিকা নষ্ট হচ্ছে। সরকার এসব নীতি পরিবর্তনের চেষ্টা করছে।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নে তিস্তা নদী পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এখন তিস্তা নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে। অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধ করা হলে নদী ও জলাশয়ে দেশীয় মাছের সরবরাহ বাড়বে। এই নদীগুলোকে বাঁচিয়ে রাখলে মানুষের মুখে হাসি ফুটবে।
মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা বলেন, তিস্তা পাড়ের মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। মাছের সরবরাহ বৃদ্ধিতে নদীতে অবৈধ জালের মাধ্যমে মাছ ধরা বন্ধের তাগিদ দেন তিনি।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের একটা টেকনিক্যাল কমিটমেন্ট থাকবে।
এ সময় কেএনবি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় মৎস্যজীবী ও প্রান্তিক খামারীদের সাথে মতবিনিময় করেন মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
