দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমে আবার ৩০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। গতকাল রোববার এই বাজারে লেনদেন কমার পাশাপাশি মূল্যসূচকও কমেছে। ডিএসইতে গত সপ্তাহেও তার আগের সপ্তাহের তুলনায় লেনদেন কমেছে ১৮ শতাংশের বেশি। বাজারের এ পরিস্থিতিতে হতাশ বিনিয়োগকারীরা।
বিশ্লেষকরা বলেছেন, বাজার নিয়ে বিনিয়োগকারীদের আস্থাহীনতাই এ অবস্থার মূল কারণ। শেয়ার বাজারের উন্নয়নে গঠিত টাস্কফোর্সের উচিত দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় সুপারিশ করা। যাতে বাজার ঘুরে দাঁড়াতে পারে।
লেনদেনচিত্র পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে গতকাল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বাড়ার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। কিন্তু দিন শেষে লেনদেনকৃত মোট ৩৯৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১৭৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৭২টির দর। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমে ৫ হাজার ১৮৫ পয়েন্টে নেমে গেছে।
সূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩৯৭ কোটি ৩২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৭৩ কোটি ৭৫ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৭৬ কোটি ৪৩ লাখ টাকা।
অন্যবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনকৃত মোট ২০২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ৮৪টির এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে।
