নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২

মিরসরাইয়ে নিখোঁজের একদিন পর ফরহাদুল ইসলাম মুন্না নামের এক যুবকের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় মিরসরাই ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা অভিযান চালিয়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

তিনি মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শেখের তালুক গ্রামের শায়েস্তা খাঁ মিয়া বাড়ির মো. হান্নানের বড় ছেলে।

তার স্বজন মো. নুরুল করিম জানান, শনিবার সন্ধ্যার পর থেকে ফরহাদুল ইসলাম মুন্না নিখোঁজ হয়। রাতে অনেক খোঁজাখুঁজি করেও কেউ কোন সন্ধান পায়নি। সে মৃগীরোগে ভুগছিলেন। তার পায়ে থাকা স্যান্ডেল সকালে বাড়ির পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। দুপুরে তারা এসে উদ্ধার কাজ শুরু করে। বিকাল সাড়ে ৩ টার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি জানান, ফরহাদুল ইসলাম মুন্না নামের এক যুবক পুকুরে পড়েছে এমন খবরে মিরসরাই ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরী দলের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দুই ঘণ্টার চেষ্টায় তাকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি মৃগীরোগী ছিলেন বলে তার স্বজনরা আমাদেরকে জানিয়েছেন। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ইত্তেফাক/এএইচপি