চট্টগ্রামে জলজট ও যানজটে রপ্তানি বিঘ্নিত হওয়ার আশঙ্কা বিজিএমইএ’র

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ০৩:৪৫

অবিরাম বর্ষণে চট্টগ্রাম মহানগরীতে ব্যাপক জলাবদ্ধতায় রাস্তাঘাটের ভঙ্গুর অবস্থার কারণে সৃষ্ট তীব্র যানজটে পণ্য পরিবহনে ব্যাঘাত ঘটায় বিজিএমইএ চট্টগ্রামের পক্ষ থেকে রপ্তানি বিঘ্নিত হওয়ার আশঙ্কা ব্যক্ত করা হয়েছে।

শনিবার বিজিএমইএ চট্টগ্রামের পক্ষ থেকে বলা হয়, বেহাল নগরীর স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত। ব্যবসা-বাণিজ্য বিশেষ করে বন্দর-আইসিডিমুখী রাস্তাসহ বিমানবন্দর সড়কের তীব্র যানজটের কারণে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের কন্টেইনার সময়মতো আইসিডিতে পৌঁছানো যাচ্ছে না। জলাবদ্ধতার কারণে পোশাকশিল্প কারখানার শ্রমিক কর্মচারী কর্মকর্তারা সময়মতো কর্মস্থলে উপস্থিত হতে পারছেন না। শ্রমিকদের আবাসস্থল বিশেষ করে নিচু এলাকা পানিতে ডুবে যাওয়ায় অনেকে অসুস্থ হয়ে কারখানায় হাজির হতে পারছে না। ফলে বিঘ্নিত হচ্ছে উত্পাদন। অনেক কারখানার নিচতলায় পানি উঠে যাওয়ায় জেনারেটরসহ অন্যান্য মেশিনারী জলমগ্ন হয়ে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বন্দর থেকে আমদানি পণ্য সময়মতো কারখানায় পৌঁছাতে না পারায় ক্ষেত্রবিশেষে ফ্লোর বন্ধ রাখতে হচ্ছে। ফলে চট্টগ্রামের তৈরি পোশাকশিল্পের উত্পাদন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

বিজিএমইএর পক্ষ থেকে আরো বলা হয়, বিদেশি ক্রেতাদের বেঁধে দেওয়া লীড টাইমের মধ্যে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার যথাসময়ে জাহাজীকরণ না হলে রপ্তানি আদেশ বাতিলসহ উদ্যোক্তদেরকে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। বিজিএমইএ নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্দরসংলগ্ন রাস্তা ও অন্যান্য সড়ককে যত্রতত্র খোঁড়াখুঁড়ি বন্ধ রেখে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন।

ইত্তেফাক/এমআই