মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় খালার পরে মারা গেল ১১ মাসের শিশু আয়েশাও।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানী ঢাকার একটি পঙ্গু হাসপাতালে মারা যায় আয়েশা। এর আগে বুধবার (৪ ডিসেম্বর) রাতে তাকে ভর্তি করা হয় হাসপাতালে।
নিহত আয়েশা শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের নাসিরের মোড় এলাকার সুজন মিয়ার মেয়ে। আর এর আগে মারা যাওয়া শিশুর খালা মিথিলা আক্তার শিবচরের দত্তপাড়া ইউনিয়নের আবু খলিফা ওরফে মিজান সরদারের মেয়ে।
স্থানীয়রা জানায়, ১১ মাসের ভাগ্নি আয়েশাকে নিয়ে বুধবার বিকেলে বাড়ির কাছে ঘুরতে বের হোন খালা মিথিলা। এ সময় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসে মধুমতি এক্সপ্রেস-এর একটি যাত্রীবাহী ট্রেন দেখে মিথিলা মোবাইল ফোন দিয়ে সেলফি তুলছিল। অসাবধানবশত ট্রেনের পাশে থাকায় পেছন থেকে তাকে ধাক্কা দেয় যাত্রীবাহী মধুমতি এক্সপ্রেস। ঘটনাস্থলেই মারা যান মিথিলা, গুরুতর আহত হয় তার কোলে থাকা আয়েশা। পরে ৪ হাতপা বিচ্ছিন্ন হওয়া শিশুকে পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে শিশুকে রাজধানীর পঙ্গু হাসপাতালে প্রেরণ করে চিকিৎসক। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। নিহত আয়েশার নিকটতম আত্মীয় দিদার শিকদার নামের এক ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই খালার মৃত্যু হয়। গুরুতর আহত ভাগ্নিকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে জানা গেছে।
