এমপির আসনে রুপির বান্ডেল, ভারতের পার্লামেন্টে হট্টগোল

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৩১

ভারতে কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক মনু সিংভির আসন থেকে ৫০ হাজার রুপির একটি বান্ডেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনখড়। শুক্রবার (৬ ডিসেম্বর) সংসদে তিনি জানান, অধিবেশন শেষে ২২২ নম্বর আসন থেকে সংসদের নিরাপত্তা কর্মকর্তারা এই অর্থ উদ্ধার করেন।

রাজ্যসভার চেয়ারপার্সনের এমন দাবির জেরে প্রতিবাদ জানান কংগ্রেসের সংসদ সদস্যরা। তারা বলেন, তদন্তের আগে কারও নাম নেওয়া উচিত নয়।

এমন ঘটনায় রাজ্যসভায় তুমুল হট্টগোল শুরু হয়। উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় এ ঘটনার তদন্ত করার নির্দেশ দেন।

যদিও অভিষেক মনু সিংভি অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, রাজ্যসভায় যাওয়ার সময় আমি রুপির বান্ডেল সঙ্গে রাখি, এই প্রথম শুনলাম! তিনি দাবি করেন, রাজ্যসভায় যাওয়ার সময় মাত্র ৫০০ রুপি সঙ্গে নিয়ে যান।

তিনি জানান, গতকাল তিনি মোট তিন মিনিট সভায় ছিলেন। আর ৩০ মিনিট ক্যানটিনে কাটান। এ ধরনের ঘটনা নিয়ে রাজনীতি করাটা ‘অদ্ভুত’ বলে উল্লেখ করেন তিনি।

এ ঘটনা নিয়ে শাসক ও বিরোধী পক্ষে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যসভার সদস্য এই ঘটনাকে রাজ্যসভার গৌরবের প্রতি ‘অপমান’ বলে আখ্যায়িত করেছেন।

ইত্তেফাক/এসকে