বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সিরিয়া সরকারকে সহায়তার প্রস্তাব দিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সংগঠনের ভারপ্রাপ্ত প্রধান নাঈম কাসেম এক ভাষণে সহায়তা প্রস্তাবের পাশাপাশি আসাদকে সমর্থন করার জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নাঈম কাসেম বলেন, সিরিয়ায় বিশৃঙ্খলার বীজ বপনের চেষ্টাকারী 'সন্ত্রাসী গোষ্ঠীগুলোর' অগ্রসরের মধ্যে লেবাননের সরকার (হিজবুল্লাহ) তাদের পাশে থাকবে।
সম্প্রতি আলেপ্পোতে তাণ্ডব চালিয়ে বিদ্রোহীরা মধ্য সিরিয়ার কৌশলগত হামা দখল করার কয়েক ঘণ্টা পর হিজবুল্লাহ নেতা এ মন্তব্য করেন।
বিশৃঙ্খলা সৃষ্টিকারীরাদের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পৃষ্ঠপোষকতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিগত দিনগুলোতেও তারা যা করেছে, তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে না। হিজবুল্লাহ হিসাবে আমরা যতটা সম্ভব নতুন আগ্রাসনের লক্ষ্য ব্যর্থ করতে সিরিয়ার পাশে থাকব।
২০১১ সালে সিরিয়া একটি দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের মধ্যে নিমজ্জিত হয়েছিল, যখন বিভিন্ন সরকারবিরোধী গোষ্ঠী রাষ্ট্রপতি বাশার আসাদের সরকারকে উৎখাত করার চেষ্টা করেছিল। জিহাদি গোষ্ঠীগুলো বিদেশ থেকে সামরিক সহায়তার সঙ্গে বিদেশি যোদ্ধারাও এতে যুক্ত হয়ে পড়ে।
হিজবুল্লাহ কীভাবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দেবে সে বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও ইরান সমর্থিত গোষ্ঠীটি 'যা করতে পারে তা করবে' বলে জানিয়েছে।
