বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের সভাপতি গ্রেপ্তার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৯:০৪

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১৯ জুলাই খিলগাঁওয়ের মেরাদিয়া বাজার মোড়ে ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে অংশ নিয়েছিলেন আহাদুল ইসলাম। এ সময় তাদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গুলিতে আহাদুল গুরুতর আহত হলে প্রথমে তাকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় আহতের বাবা মো. বাকেরের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ অক্টোবর খিলগাঁও থানায় একটি মামলা রুজু হয়।

শুক্রবার (৬ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/জেডএইচডি