সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে চাকরিচ্যুত কনস্টেবলসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-১২) সদস্যরা। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, পুলিশের হ্যান্ডকাফ, ভুয়া পরিচয়পত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা বিভিন্ন জেলার বাসিন্দা হলেও ঢাকার আশপাশে বসবাস করে এবং সবাই একত্র হয়ে ডাকাতির কার্যকলাপে অংশ নেয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন, র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, শুক্রবার ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ গোলচত্বর এলাকায় চেকপোস্ট ডিউটি চলাকালে একটি সন্দেহজনক হাইস মাইক্রোবাসকে থামিয়ে ঐ সাত জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে পুলিশের হ্যান্ডকাফ, ভুয়া পরিচিতি কার্ড, জুতা ও জ্যাকেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছে।
আটককৃতরা হলেন-পঞ্চগড় জেলার আটোয়ারী থানার বামনকুমার গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে জমির খান, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার বিজিডাঙ্গা গ্রামের মৃত আব্দুস সালাম মুন্সির ছেলে চাকরিচ্যুত কনস্টেবল মো. কামরুজ্জামান, রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার কাঁটাখালী বটতলা গ্রামের মৃত মোতালেব ওরফে মাসুদ শেখের ছেলে মো. জহুরুল শেখ সুমন, কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ধনঞ্জয় গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. মিজানুর রহমান মিন্টু, ফরিদপুর জেলার মধুখালী থানার কাশিনাথপুর গ্রামের মীল নায়েব আলীর ছেলে মীর সোহেল হোসেন, যশোর জেলার ঝিকরগাছা থানার উত্তর দেউলি গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. রাজু ও গোপালগঞ্জ জেলা সদরের নকুরিরচর গ্রামের মৃত আফতাফ মোল্লার ছেলে আইয়ুব মোল্লা।
৬৬ লাখ টাকার হেরোইনসহ নারী আটক
সিরাজগঞ্জে প্রায় ৬৬ লাখ টাকা মূল্যের ৬৬০ গ্রাম হেরোইনসহ নিলুফার ইয়াসমিন নামে নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ। আটক নিলুফার ইয়াসমিন চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের জাদুপুর গ্রামের মো. সাহাবুল ইসলামের স্ত্রী।
