মাত্র ২৯ রানে ওপেনার মার্টিন গাপটিল বিদায় নিয়েছিলেন। সেখান থেকে হেনরি নিকোলস ও অধিনায়ক কেন উইলিয়ামসন সতর্কতার সঙ্গে সামনে অগ্রসর হন। এই দুজন মিলে শুরুর ধাক্কা অনেকটা সামলেও নেন। তবে দলীয় ১০৩ রানে বিদায় নিলেন অধিনায়ক উইলিয়ামসন। ২৫ ওভারের খেলা শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দুই উইকেটে ১০৯ রান।
রবিবার বিকেলে ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। লন্ডনের লর্ডসে বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় ম্যাচটি শুরু হয়।
ব্যাট হাতে নেমে দলীয় ২৯ রানে ওকসের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন ওপেনার মার্টিন গাপটিল। ১৮ বল থেকে দুটি চার ও একটি ছক্কার মারে তিনি করেন ১৯ রান। শুরুতেই উইকেট হারিয়ে সতর্কতার সঙ্গে খেলছেন দ্বিতীয় উইকেটে জুটি বাঁধা হেনরি নিকলস ও অধিনায়ক কেন উইলিয়ামসন। এই দুজন ৭৪ রানের দারুণ একটি জুটি গড়েন।
তবে দলীয় ১০৩ রানে উইলিয়ামসনের বিদায়ে ফের চাপে পড়ল দলটি। প্লাঙ্কেটের বলে জোস বাটলারের গ্লাভসে ধরা পড়ার আগে উইলিয়ামসন ৫৩ বল থেকে ৩০ রান করেন।
গত ১১ জুলাই এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে ইংল্যান্ড। এর দুদিন আগে ভারতকে ১৮ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে নিউজিল্যান্ড।
এর আগে তিনবার (১৯৭৯, ১৯৮৭, ১৯৯২) ফাইনালে উঠলেও কখনো শিরোপার স্বাদ পায়নি ইংল্যান্ড। নিউজিল্যান্ডের সাফল্য গত আসরে রানার্স আপ হওয়ার মধ্যেই সীমাবদ্ধ। সুতরাং আজ যারাই জিতবে তারাই হবে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন।
ইত্তেফাক/কেআই
