বলিউডে সত্যিকারের তারকা মাত্র ৫ জন: সালমান

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১৭:৫২

বলিউডের ভাইজান সালমান খান এবার এক বিস্ফোরক মন্তব্যে বলেছেন, বলিউডে রয়েছেন শুধুই পাঁচজন তারকা। এ তালিকায় আছেন শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার ও অজয় দেবগণ। পঞ্চম নাম অবশ্যই সালমানের নিজের।

বলিউড ইন্ডাস্ট্রিতে গত আড়াই দশক ধরেই চলছে খানদের রাজত্ব। বক্স-অফিস কখনো দখলে থেকেছে শাহরুখের, কখনো সালমানের আবার কখনো বা আমির খানের। এই তিন খানের সাথে তুমুল প্রতিযোগিতায় টিকে থেকেছেন অক্ষয় কুমার ও অজয় দেবগণের মত জনপ্রিয় অভিনেতারাও। যদিও বর্তমানে পুরনো সুপারস্টারদের পাশাপাশি কয়েক বছর ধরেই বলিউড ইন্ডাস্ট্রিতে দ্যুতি ছড়াচ্ছেন নতুন কয়েকজন তারকা। যাদের মধ্যে হৃতিক রোশন, রণবীর কাপুর, রণবীর সিং, শহিদ কাপুর, বরুণ ধাওয়ান অন্যতম।

তবে তারকাখ্যাতি বজায় রাখাটা কতটা সহজ বা কঠিন হতে পারে সে প্রসঙ্গে সালমান বলেন, ‘স্টারডম খুব সহজেই হারিয়ে যায়। সারাজীবন এটাকে বয়ে নিয়ে চলা খুবই কঠিন ব্যাপার। তবে আমি মনে করি আমরা পাঁচজন, মানে শাহরুখ, আমির, আক্কি (অক্ষয়), অজয় এবং আমি এটাকে এখনও ঠিকঠাকভাবে ধরে রাখতে পেরেছি। আশা করি আগামী বেশকিছু বছরও আমরা সবকিছুর বিনিময়ে এটাকে ধরে রাখার চেষ্টা করব। নতুনদের অনেকে বক্স অফিসে ভালো করলেও এখন পর্যন্ত সেভাবে কোন অভিনেতাই সুপারস্টার হতে পারেনি।’

আরও পড়ুন: ডিসিদের প্রতি ৩০ দফা নির্দেশনা প্রধানমন্ত্রীর
 
সালমান এখন ব্যস্ত দাবাং থ্রি-র শ্যুটিং নিয়ে। এ ছবিতে সোনাক্ষী সিনহা, ডিম্পল কাপাডিয়া, আরবাজ খান ও সুদীপকেও দেখা যাবে। এরই সঙ্গে সঞ্জয় লীলা বনশালীর ইনশাল্লাহ ছবিতেও কাজ করবেন সালমান। ছবিতে তার বিপরীতে রয়েছেন আলিয়া ভাট।

ইত্তেফাক/বিএএফ