সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলতে গিয়ে নিখোঁজের তিনদিন পর পরিত্যক্ত ঘর থেকে ইব্রাহিম খলিলুল্লাহ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র মাইন উদ্দিনের নির্মানাধীন পরিত্যক্ত ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু ইব্রাহীম খলিলুল্লাহ উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের ইদ্রিস আলীর পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক।
স্থানীয় সূত্রে যানা যায়, শনিবার বিকেলে শিশু ইব্রাহিম খেলতে বের হয়ে আর বাসায় ফেরেনি। তাকে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে এবং ওইদিন এলাকাজুড়ে মাইকিং করা হয়। রোববার দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় (ডায়েরি নং ৩৪৩ তারিখ :৮/১২/২০২৪)। সোমবার সকালে বাচ্চারা পরিত্যক্ত বাড়ির উঠোনে খেলাধুলার সময় ঘরে বল খুঁজতে গিয়ে শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তদন্তের পর সঠিক তথ্য পাওয়া যাবে।
