গাজার উত্তরাঞ্চলীয় বেইত হানুনে ইসরায়েলের বিমান হামলায় ২৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে এবং তারা একই পরিবারের সদস্য বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা। হামলায় বেশ কয়েকটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে বহু লোক আহত হয়েছে।
রয়টার্সের তথ্যমতে, সোমবার (৯ ডিসেম্বর) রাতভর ইসরায়েলি এই বিমান হামলার ঘটনা ঘটেছে।
এছাড়া, গাজার মধ্যাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী শিবিরে আরেকটি বিমান হামলায় সাতজন নিহত হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন। রাফা এলাকায়ও ইসরায়েলের হামলায় ২ জন নিহত হয়েছেন।
ইসরায়েলের ট্যাংক গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে প্রবেশ করেছে। এদিকে, গাজার দেইর আল-বালাহ শহর থেকে ভূমধ্যসাগরে পালানোর চেষ্টা করা ছয় ফিলিস্তিনি জেলেকে আটক করেছে ইসরায়েলের নৌবাহিনী।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় দক্ষিণ ইসরায়েলে প্রায় ১২০০ জন নিহত হয়েছিল। এর পর থেকে গাজায় ইসরায়েলের পাল্টা হামলায় ৪৪ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
