নকশা বহির্ভূত ভবন নির্মাণ, মুচলেকা নিয়ে সতর্ক করলো রাজউক

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৫

রাজধানীর দক্ষিণখান কাওলা এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে অভিযান চালিয়েছে রাজউক। বুধবার (১১ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয়ে বিকালে দিকে অভিযান শেষ হয়। এসময় অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীন।

উচ্ছেদ অভিযান চলাকালে দক্ষিণখান কাওলা এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি নির্মাণাধীন ভবনের রাজউক এর আওতাধীন জোন-২/২ এলাকায় উচ্ছেদ অভিযানসহ মুচলেকা নেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রাজউকের উচ্ছেদ অভিযানে নকশা বহির্ভূত কয়েকটি ভবনের বর্ধিতাংশ অপসারণ করি। এছাড়াও ভবন মালিকরা আগামী ১৫ দিনের মধ্যে নিজ নিজ দায়িত্বে নকশা বহির্ভূত অংশ অপসারণ করবেন বলে মুচলেকা গ্রহণ করা হয়। একইসঙ্গে অন্যরা যেন পরবর্তীতে অনুমোদনকৃত নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ না করে সেই বার্তা দিয়ে সতর্ক করছি। রাজউকের অভিযান একটি চলমান প্রক্রিয়া। 

তিনি আরও জানান, রাস্তার জায়গা দখল করে র‍্যাম্প ও বাউন্ডারি ওয়াল নির্মাণ করে মানুষ চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। যারা ভবন নির্মাণের পরিকল্পনা করবেন, তারা যেন রাজউক থেকে অনুমোদন নিয়ে নকশা অনুযায়ী ভবন নির্মাণ করে এই বিষয়ে সচেতন করা হয়েছে। 

এসময় মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন-২/২ এর অথরাইজড মাসুক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার এ.কে এম জাকির হোসেন, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ রাজউকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম