ময়মনসিংহের ভালুকায় স্বামী-স্ত্রীসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জমিরদিয়া মাষ্টারবাড়ী এবং সন্ধ্যা ৭টার দিকে একই উপজেলার কাশর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- দিনাজপুরের বিরল উপজেলার গাগড়াগাতি গ্রামের আব্দুর রশিদের ছেলে সাগর ইসলাম (২১) এবং তার স্ত্রী নূপুর আক্তার (২০)। নূপুর আক্তার নেত্রকোনার মদন উপজেলার ইন্দারপুর গ্রামের সুধু মিয়ার মেয়ে। তারা দুইজন স্থানীয় ক্রাউন ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
মৃত আরেকজন হলেন সোনালী আক্তার (১৮)। তার স্বামীর নামও সাগর। সোনালী কিশোরগঞ্জের শোলাকিয়ার মহিনন্দন গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় আরেকটি ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবীর। তিনি বলেন, গত দুই মাস আগে সাগর ও নূপুর দম্পতি জমিরদিয়া মাষ্টারবাড়ী এলাকায় ভাড়া থেকে ক্রাউন ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। সন্ধ্যায় দুইজন ফ্যানের সঙ্গে আলাদা ওড়না প্যাচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহগুলো উদ্ধার করে।
মো. হুমায়ুন কবীর বলেন, সন্ধ্যা ৭টার দিকে কাশর এলাকায় ফ্যানের সঙ্গে ওড়না প্যাচিয়ে আত্মহত্যা করে সোনালী। থানায় খবর পেয়ে ওই মরদেহও উদ্ধার করে পুলিশ। মারা যাওয়া তিনজনেই নিঃসন্তান। তারা পারিবারিক বিরোধে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
