রাজধানীর বনানী থানাধীন আবাসিক এলাকার একটি বাসা থেকে মারিয়া আক্তার (১৬) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই গৃহকর্মী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানান।
বুধবার (১২ ডিসেম্বর) রাতে বনানী ৪৯ নম্বর বাসার ৯ নম্বর রোডের এফ ব্লকের একটি ছয়তলা বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মৃত মারিয়ার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার বিল্লাপাড়া গ্রামে। মারিয়ার বাবা রিকশাচালক বাহারুল ইসলাম। মা মনিরা খাতুন গৃহিণী। মারিয়া বনানীর ওই বাসায় দেড় বছর ধরে গৃহকর্তা মোমিন আলী ও গৃহবধূ জাহানারা আলীর বাসায় কাজ করতো।
মৃত মারিয়ার ফুফু নাজমা পারভীন জানান, মারিয়ার ছোট বোনকে কাজে দিতে চায় তার মা। কিন্তু মারিয়া তার ছোট বোনকে কাজে দিতে বারণ করে। এ বিষয় নিয়ে মারিয়ার সঙ্গে তার মায়ের কিছুদিন ধরে ঝগড়া হচ্ছিল। এ কারণে গতকাল রাত ৯টার দিকে সবার অজান্তে ছয়তলা বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সে।
বনানী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াসির আরাফাত জানান, পুলিশ খবর পেয়ে মধ্যরাতে বনানীর ৯ নম্বর রোডের এফ-ব্লকের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ভোরে ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
