অনুস্বর-এর নতুন নাটক ‘মহাশূন্যে সাইকেল’

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৫

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের লেখা ‘মহাশূন্যে সাইকেল’ মঞ্চে আনলো নাট্যদল অনুস্বর। নাটকটি নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন।

চলতি মাসের ১০ ও ১১ তারিখ মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির কারিগরি প্রদর্শনী হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দর্শকদের জন্য মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত একই ভেন্যুতে টানা পাঁচ দিনে আটটি প্রদর্শনী হবে এ নাটকের।

‘মহাশূন্যে সাইকেল’ নাটকের মহড়ার দৃশ্য। ছবি: সংগৃহীত

নাটক প্রসঙ্গে শাহাদুজ্জামান বলেন, ‘এই গল্পে এক চরিত্র মূলত নিজেকে দুই ভাগ করে দেখে। একই মানুষের দুটি সত্তার ভেতর বোঝাপড়া চলে। মূল গল্পটিকে সম্প্রসারিত করে এর নাট্যরূপ দিয়েছি নাট্যনির্দেশক সাইফ সুমনের উৎসাহে।’

‘মহাশূন্যে সাইকেল’ নাটকের মহড়ার দৃশ্য। ছবি: সংগৃহীত

নির্দেশক সাইফ সুমন বলেন, ‘ভয় পাওয়া একটা চেহারা নিয়ে আমরা ঘুরছি এই শহরে। কিন্তু এতসবের মধ্য থেকেও সৃজনশীল তাড়না তো দমে যায় না। সময় দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে, সময়কে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টাও বলা যায় এটাকে।’

তিনি আরও বলেন, ‘প্রিয় কথাসাহিত্যিক শাহাদুজ্জামান আবারও আমার অনুরোধ রেখে নিজের গল্পকে নাটক হিসেবে পুনরায় লিখে দিয়েছেন। অশেষ কৃতজ্ঞতা তার প্রতি।’

‘মহাশূন্যে সাইকেল’ নাটকের পোস্টার। ছবি: সংগৃহীত

নাটকটিতে অভিনয় করেছেন এস আর সম্পদ, মোহাম্মদ বারী, প্রশান্ত হালদার, নুরুজ্জামান সরকার, মুত্মাইন্নাহ রীমা, জাহীন ইমতু, মোহাম্মদ রাকিব, তানভীন প্রমুখ।

ইত্তেফাক/এসএ