ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার এক পোস্ট অফিসে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৫০ জন। এনিয়ে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে মোট ৬৬ জন। খবর রয়টার্সের।
রয়টার্স বলছে, পোস্ট অফিসটিতে ফিলিস্তিনের বাস্তুচ্যুতরা আশ্রয় নিয়েছিল। সেখানেই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। চিকিৎসকরা রয়টার্সকে বলেছেন, ১৪ মাসের চলমান এই যুদ্ধ এখনো বন্ধের কোনো লক্ষণ নেই। নুসেইরাত ক্যাম্পের ডাকঘর স্থাপনায় ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় আশেপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে এই হামলা নিয়ে মুখ খুলেনি ইসরায়েলি বাহিনী। এ ছাড়া রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার সকালের দিকে গাজার দক্ষিণাঞ্চলে দুইবার হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছে।
ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, মানবিক সহায়তা নিরাপদে পৌঁছে দিতে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের অভিযোগ, হামাসের সদস্যরা গাজায় বেসামরিকদের জন্য পাঠানো ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার পরিকল্পনা করছিল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যেতে হামাস সদস্যদের ত্রাণ হাইজ্যাক করার পরিকল্পনা ছিল। তবে হামাসের সূত্র জানিয়েছে, সশস্ত্র গ্যাং বারবার ত্রাণের ট্রাক ছিনতাই করেছে এবং তা রুখে দিতে হামাস টাস্ক ফোর্স গঠন করেছে।
এদিকে গাজা সিটির আল-জালা স্ট্রিটের এক আবাসিক ভবন এবং নুসেইরাতের পশ্চিমে এক বাড়িতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২২ জন নিহত হয়েছে।
গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় ৪৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে লক্ষাধিক। সেইসঙ্গে লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।
