সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ১৬ ডিসেম্বর রাজপথে আন্দোলনের ডাক দিয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়েছে, তা ভুয়া বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে আমার উদ্ধৃতি দিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। বলা হচ্ছে, আমি ১৬ ডিসেম্বর রাজপথে আন্দোলনের ডাক দিয়েছি। এগুলো সব ফেইক নিউজ। আমি আমার আগের অবস্থানেই আছি।
তিনি লেখেন, আমি লক্ষ্য করছি যে, একটা রাজনৈতিক দল তার কোনো ভুল-ত্রুটি নিয়ে অনুশোচনা তো দূরের কথা, কোনো আত্মসমালোচনা বা আত্মউপলব্ধিও করছে না। এটা ভাল লক্ষণ না এবং কোনোদিনই সুফল আনবে না। বরং আরও ধ্বংস নিয়ে আসবে।
আওয়ামী লীগ নিয়ে নিজের অবস্থান বহাল আছেন জানিয়ে তিনি লেখেন, আপনারা যারা কমেন্ট করছেন যে, আমি আমার নীতি এবং আদর্শ থেকে সরে গেছি, তাদের বলব- সেই আদর্শ/নীতি যদি হয় হত্যা, গুম, খুন ও নির্যাতনের, ছাত্র-জনতার ওপর গুলি করে গণহত্যার, জনগণের ভোটের অধিকারসহ মৌলিক অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করার, দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করার, রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করার, তাহলে ঠিকই বলেছেন এই নীতি/আদর্শ আমার না।
