চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি অটোরিকশার গ্যারেজে আগুন লেগে ৩৪টি যানবাহন পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুনে পাশে থাকা একটি মুদির দোকানও পুড়ে যায়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুরুল আমিনের গ্যারেজে এই আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে গ্যারেজে থাকা ৩০টি অটোরিকশা, একটি মোটরসাইকেল ও তিনটি মাহিন্দ্রা গাড়ি পুড়ে যায়। পুড়ে গেছে পাশে থাকা একটি মুদি দোকানও। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইমরান হোসেন বলেন, ভোর রাতে আগুনের খবর পেয়ে ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর আগেই ওই গ্যারেজে থাকা সব যানবাহন পুড়ে যায়।
