ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণে সাতটি প্রবেশ পথে বসেছে বেরিয়ার এবং সিকিউরিটি সার্ভিলেন্স বক্স। গতকাল শুক্রবার থেকে যানবাহন নিয়ন্ত্রণে পুরোপুরি কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ফলে শুক্রবার (১৩ ডিসেম্বর) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রিকশা ও বহিরাগত যানবাহন প্রবেশ একেবারেই সীমিত হয়েছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, পলাশীর মোড়, নীলক্ষেত মোড়, শহিদ মিনার, শাহবাগ, শহীদুল্লাহ হল, হাইকোর্ট মোড় এবং শিববাড়ী ক্রসিং মোড়ে বেরিয়ার বসানো। এ সব রাস্তা দিয়ে একেবারেই সীমিত যানবাহন চলাচল করছে। ক্যাম্পাসের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া কোনো যানবাহন প্রবেশ করছে না। টিএসসি, ভিসি চত্বর, শহিদ মিনার ও দোয়েল চত্বর এলাকায় রিকশা চলাচলও
সীমিত।
এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী সাইফুদ্দীন আহমদ বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি চাওয়া ছিল ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণ করা। এটি যেহেতু সিটি করপোরেশনের রাস্তা তাই আমরা একেবারেই তা বন্ধ করে দিতে পারি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বসে আমরা নির্দিষ্ট একটি সময় ঠিক করে দেব।'
এর আগে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই কার্যক্রমের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এসব বেরিয়ার এবং সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্স কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
