রাজনীতিতে আগ্রহী নয় বেশিরভাগ জার্মান তরুণ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৩:২৮

জার্মানির তরুণ সমাজ রাজনীতিতে সংযুক্ত হওয়ার কোনো উপযোগিতা দেখেন না। তারা মনে করেন, রাজনীতিবিদরা তাদের সমস্যাকে যথেষ্ট গুরুত্ব দেন না। সাম্প্রতিক এক জরিপেই এই তথ্য জানানো হয়েছে। 

বার্টেলসমান ফাউন্ডেশনের জন্য করা এই জরিপে ১৬ থেকে ৩০ বছর বয়সী দুই হাজার ৫০০ জনের মতামত নেওয়া হয়। জরিপে দেখা গেছে, ৩৮ শতাংশ তরুণের রাজনীতির প্রতি অবিশ্বাস রয়েছে এবং এদের মধ্যে এক তৃতীয়াংশ খানিকটা হতাশ।

এ ছাড়া প্রায় ৪০ শতাংশ মনে করেন, রাজনীতির মাধ্যমে সামাজিক অবস্থা বদলানো সম্ভব নয় এবং প্রতি দুইজনের মধ্যে একজন তরুণ বিশ্বের বাকি সমস্যাগুলো নিয়ে হতাশ।  

অন্যদিকে, মাত্র ৮শতাংশ তরুণ মনে করেন, রাজনৈতিক দল তাদের মতামত গুরুত্ব দেবে। এ ছাড়া জরিপে ৬১ শতাংশ তরুণ জানিয়েছেন, তাদের মতে গণতন্ত্রই সবচেয়ে ভালো শাসন ব্যবস্থা, তবে এর কিছু দুর্বলতা রয়েছে। 

জরিপে অংশগ্রহণকারী প্রায় অর্ধেক উত্তরদাতা বলেছেন, ভোট দেওয়ার বাইরে রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের যথেষ্ট সুযোগ নেই এবং রাজনীতিতে যুক্ত হওয়ার পথে অনেক বাধা রয়েছে।

ইত্তেফাক/এসআর