টি-টোয়েন্টিতে উইন্ডিজকে ‘আরামসে’ হারানোর প্রত্যাশা সৌম্যর

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৯

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে দু'দল। ওয়ানডেতে ধবলধোলাই হলেও টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের আরামে হারানো সম্ভব বলে মনে করছেন টাইগার ওপেনার সৌম্য সরকার।

শনিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় সৌম্য বলেন, 'আমরা যদি তিনটি দিকেই ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ভালো করতে পারি, দল হিসেবে ভালো করতে পারি আমরা আশাকরি তাদেরকে আরামসে হারাতে পারবো।'

নিজেদের সেরাটা দিতে পারলেই জয় পাওয়া যাবে বলে মনে করেন সৌম্য। তিনি আরও বলেন,  'বড় দল, ছোট দলের চেয়ে বড় কথা হচ্ছে কারা ২০ ওভার, ৪০ ওভার ভালো খেলবে মাঠে। ওইটার জন্য অপেক্ষা করতে হবে। ওরা (ওয়েস্ট ইন্ডিজ) টি-টোয়েন্টিতে ভালো দল। আমাদের মনোযোগ দিতে হবে নিজেদের দিকে। সেরাটা দেওয়ার চেষ্টা করলে ম্যাচ জিততে পারবো।'

ধবলধোলাই হলেও ওয়ানডে সিরিজে ব্যাটারদের পারফরম্যান্সে খুশি এই টাইগার ওপেনার। সৌম্য বলেন, 'আরেকটা জিনিস ওয়ানডেতে আমরা ভালো খেলে আসছিলাম কিন্তু শেষ দুই-একটা সিরিজ আমাদের ভালো যায়নি। তার মধ্যেও একটা ভালো জিনিস আছে আমরা ব্যাটাররা তিনশো রান করছি, এটাও একটা ভালো দিক। আমাদের বোলাররা সবসময় ভালো করে আসতেছিল এই সিরিজে হয়তো তারা একটু স্ট্রাগল করেছে।'

ইত্তেফাক/জেডএইচ